নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক নিরাপত্তা বিষয়ক সভায় এ কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার আগে বিজিবি মহাপরিচালক সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি ক্যাম্প পরিদর্শন করেন।

সভায় মহাপরিচালক বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।

এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং খুলনা সেক্টরের সব ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন। এছাড়া সেক্টরের খুলনা ও বরিশাল অঞ্চলে স্থাপিত সব নির্বাচনি বেইজ ক্যাম্পের কমান্ডাররা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ