নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইসির দায়িত্ব : মুজিবুল হক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইসির দায়িত্ব : মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সিটি নির্বাচনে খুব ভালো পরিবেশ বজায় থাকলে আমাদের নির্বাচন কমিশনে আসতে হতো না। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মনোভাব ভালো থাকলে এবং সাহসী হয়ে কাজ করলে একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে। নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করতে চাই।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, পাঁচটি সিটি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। চলমান সিটি নির্বাচন নিয়ে কিছু অভিযোগ আমরা জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনারের কাছে।

তিনি বলেন, গাইবান্ধায় একটি নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি বাতিল করেছিল। তাদের তদন্তে কিছু মানুষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল কিন্তু তাদের বিরুদ্ধ কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কেউ জানে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনের প্রতি আস্থা ফিরে আসবে না। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের অধীন কর্মকর্তা ও কর্মচারীরা কমিশনের আদেশ না মানলে যেন নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে এমন একটি আইনের দাবি আমরা আগে থেকেই জানিয়ে আসছি। নির্বাচন কমিশনের এ ক্ষমতা থাকলে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হতো।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এর সঙ্গে জাতীয় পার্টি মহাসচিবের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল সভা করেন। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মুজিবুল হক চুন্নুর সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ