নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যার বিচার : আবু হানিফ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার ও গণহত্যার বিচার : আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করা হোক, গণহত্যার বিচারের অগ্রগতি করা হোক। এই দেশের মানুষ বিগত ১৫ বছর ভোট দিতে পারে নাই, গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে চায়, তাই মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আবু হানিফ বলেন, বিগত সময়ে কিশোরগঞ্জে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন করেনি। এই পুলেরঘাট বাজারে সব সময় যানজট থাকে, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। যে দল ক্ষমতায় ছিল তারা জনগণকে শাসন করেছে, শোষণ করেছে, এই ব্যবস্থার পরিবর্তন করার সুযোগ দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। আমরা চাই রাষ্ট্রের সংস্কার করা হোক।

তিনি আরও বলেন, ২০১৮ সালের পর থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে নুরুল হক নুর। অসংখ্য বার হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, জেল কেটেছে, তারপরও আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করে নাই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও কারাগারে থাকা অবস্থায় রিমান্ড শেষে বলেছিল- আওয়ামী লীগের ৯০% পড়ে গেছে আর ১০% ধাক্কা দেন। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক আপোষহীন চরিত্রের নাম নুরুল হক। এই নুর কোনো সময়ে আপস করে নাই, ভবিষ্যতেও আপস করবে না।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলদারি করত। তাদের পতনের পরও অন্য অনেকেই এখন সেই দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন টিকে নাই, সুতরাং নতুন করে কেউ আওয়ামী লীগের মত আচরণ করলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। যারা চাঁদাবাজি, দখলদারি করছেন তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন।

গণঅধিকার পরিষদের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, আমরা আজকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করতে এসে মানুষের অনেক সমর্থন পেয়েছি।

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরীর সঞ্চালনায় এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ