নির্বিঘ্ন হজযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বিঘ্ন হজযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হজ ফ্লাইট-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা, যাত্রী পরিবহন এবং সার্বিক সেবার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তারা হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনীয়তায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সংশ্লিষ্ট সবার একটি পবিত্র দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

এদিকে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ