নৌকার নমিনেশনে নির্বাচন করলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো: মাহি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌকার নমিনেশনে নির্বাচন করলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো: মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

 

আজ (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে নমিনেশন ফরম কিনেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। নমিনেশন ফরম কেনার পর উচ্ছ্বাস বেড়েছে মাহির। তবে আগেই দলের পক্ষ থেকে নমিনেশন কেনার ব্যাপারে গ্রিন সিগন্যাল মাহিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মাহি। ইতোমধ্যে চাঁপাই-এর নাচল, গোমস্তপুর, ভোলাহাট এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই অভিনেত্রী। তার দাবি, জনগণ তাকেই নেত্রী হিসেবে চাইছে।

নমিনেশন কেনার পর বিকেলে ধানমন্ডির সভাপতি মণ্ডলীর কার্যাকল থেকে বেরিয়ে মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে বলেন, নৌকার নমিনেশনে নির্বাচন করলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো। দৃঢ়ভাবে বিশ্বাস করি নৌকা প্রতীকের জয় বের করে আনতে পারবো, ইনশাআল্লাহ।

চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাহি বলেন, বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এলাকায় গণসংযোগে গিয়ে তাদের সাপোর্ট পাচ্ছি। তারা আমার প্রতি প্রচণ্ড আন্তরিক।

মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বে সাপোর্ট করেন। তার বিভিন্ন বক্তব্যে বোঝা যায়, তিনি নারীদের সবসময় অগ্রাধিকার দেন। গতকাল (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধনের সময় প্রথম চালকও ছিলেন নারী। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উন্নয়নগুলো আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য করতে চাই। আমার মধ্যে এই তৃষ্ণা দীর্ঘদিনের।

মাহির নমিনেশন কেনার ব্যাপারে আগেই অবগত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করে বললাম, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

মাহি প্রার্থী হচ্ছে কি না, জানতে চাইলে সেতু মন্ত্রী বলেন, প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গে মাহি বলেন, আমি তাকে আমার ইচ্ছে পোষণ করেছি। কী কী কাজ করেছি বলেছি। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমাকে জানিয়েছেন, আমি নমিনেশন ফরম কিনতে পারবো।

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনটি বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত। ওই আসনে নির্বাচন করা এবং নমিনেশন না পেলেও আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন কিনা জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, আমি না পেলেও দল থেকে যাকে নমিনেশন দেবে, তার পক্ষে কাজ করবো। আর প্রধানমন্ত্রী যে পরিমাণে সাহসী এবং তিনি যেসব দুঃসাহসিক কাজ করেন, তার সাহসের অল্প একটু যদি পাই তাহলে যে কোনো পরিস্থিতি ওভারকাম করতে পারবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ