পঞ্চগড়-১ শেষ মুহূর্তে বদলে গেছে ভোটের সমীকরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়-১ শেষ মুহূর্তে বদলে গেছে ভোটের সমীকরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নতুন রাজনৈতিক সমীকরণে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে। শুরুতে ত্রিমুখী লড়াইয়ের আভাস থাকলেও শেষ সময়ে বিএনপি মনোনীত ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী সারজিস আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানও মাঠে সক্রিয় রয়েছেন। তিন প্রার্থীই নিজ নিজ কৌশলে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ আসনের আটোয়ারী উপজেলা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রতিটি নির্বাচনে এ উপজেলায় আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে বলে স্থানীয়দের দাবি। উপজেলাটিতে সনাতন হিন্দু ভোটারের সংখ্যাও তুলনামূলক বেশি। এ কারণে প্রার্থীরা সাধারণ ভোটার, আওয়ামী লীগ সমর্থক, সনাতন হিন্দু সম্প্রদায় ও তরুণদের সমর্থন পেতে চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে যোগাযোগ বাড়িয়েছেন। একই সঙ্গে সদর ও তেঁতুলিয়া উপজেলাতেও সমান তৎপরতা দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, এসব ভোটের বড় অংশ যে প্রার্থীর পক্ষে যাবে, তার জয় সহজ হবে।

প্রথমদিকে বিএনপি প্রার্থী সহজ অবস্থানে থাকবেন বলে ধারণা ছিল। তবে জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনসহ নেতাকর্মীদের সক্রিয়তায় সারজিস আলমের পক্ষে সংগঠিত প্রচারণা শুরু হলে ভোটের সমীকরণে পরিবর্তন আসে। এতে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের সামনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং সারজিস আলম মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছেন। তবুও একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থক ও সনাতন হিন্দু ভোটের একটি বড় অংশ নওশাদ জমিরের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বিভিন্ন এলাকায় নওশাদ জমির ও সারজিস আলমের সমানতালে প্রচার চলছে। সভা-সমাবেশে তারা উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের সমালোচনাও করছেন। নওশাদ জমিরের পক্ষে তার বাবা, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার সোমবার চিনিকল মাঠে জনসভা করার কথা রয়েছে।

এ আসনে আরও কয়েকজন প্রার্থী থাকলেও মাঠে তাদের তেমন প্রচারণা দেখা যাচ্ছে না। তারা হলেন গণঅধিকার পরিষদ মনোনীত মাহাফুজার রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আব্দুল ওয়াদুদ বাদশা, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত ফেরদাউস আলম ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত সিরাজুল ইসলাম।

প্রার্থীদের কর্মব্যস্ততা থাকলেও শহর ও গ্রামে তেমন নির্বাচনী উৎসব চোখে পড়ছে না। সাধারণ ভোটারদের মধ্যে আগের মতো উচ্ছ্বাস নেই। অনেকে নিজ নিজ কাজের পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা নিয়ে ভাবছেন। একই সঙ্গে গণভোট বিষয়ে স্পষ্ট ধারণার অভাব রয়েছে বলে জানা গেছে। বেশির ভাগ ভোটার জানিয়েছেন, তারা এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানেন না।

পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ি এলাকার এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগ সমর্থিত ও হিন্দু ভোটের বড় অংশ বিএনপির দিকে যেতে পারে। গরিনাবাড়ি মাটিগাড়া গ্রামের রইসুল শেখ বলেন, তাদের এলাকায় ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের দু’পক্ষেরই সমর্থন আছে। নাম প্রকাশে অনিচ্ছুক আটোয়ারীর সনাতন হিন্দু সম্প্রদায়ের এক নেতা জানান, তাদের অধিকাংশ ভোটার ভোট দিতে যাবেন এবং নিজেদের বিবেচনায় ভোট দেবেন।

আটোয়ারীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, প্রার্থীরা তার সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তেঁতুলিয়ার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাথর শ্রমিক নেতা মুক্তারুল হক মুকু বলেন, তাদের উপজেলায় বিএনপির অবস্থান শক্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ