পদ্মা সেতুর উদযাপন হলো ওয়েস্ট ইন্ডিজে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক
আজ (২৫ জুন) উদ্বোধন করা হলো দেশের স্বপ্নের সেতু পদ্মা সেতু। স্বপ্নের এই সেতুকে ঘিরে আবর্তিত হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকেও হয়েছে এই উদযাপনের সঙ্গী। ড্রেসিং রুমে কেক কেটে দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন নিজেদের মতো করে উদযাপন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা।
বিশাল কেকের প্রায় পুরো অংশ জুড়েই ছিল পদ্মা সেতু। এক পাশে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। কেকের ওপর লেখা ছিল, ‘নেতৃত্বের উপহার যার জন্য আমরা গর্বিত।’
এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টেস্ট সিরিজটির নামকরণও করা হয়েছিল স্বপ্নের এই সেতুর নামে। ‘পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ নাম রাখা হয়েছিল সিরিজটির।
তবে পদ্মা সেতুর মতো দেশবাসীকে গর্বিত করতে পারেননি টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরে এরই মধ্যে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সাকিব আল হাসানের দল।
জনতার আওয়াজ/আ আ