পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ‘কদমবুসি’ করতে গিয়েছে: সাকি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ‘কদমবুসি’ করতে গিয়েছে: সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ক্ষমতা নবায়ন করার সাথে সাথে তথাকথিত পররাষ্ট্র মন্ত্রী দিল্লিতে ‘কদমবুসি’ করতে গিয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তি‌নি ব‌লেন, দিল্লিতে গিয়ে তারা যে ক্ষমতায় আছেন এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছেন। এজন্য ভারত আজকে আমাদের দেশের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ী নিজেদের বলে দাবি করছে। পররাষ্ট্রমন্ত্রীকে এবিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বলেছেন, ‘টাঙ্গাইল শাড়ী খুবই ক্ষুদ্র একটা ইস্যু। আমরাতো অনেক বড় ইস্যুর সমস্যা সমাধান করে ফেলেছি’। ভারতের কাছে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) বাংলাদেশের কোনো স্বার্থের প্রশ্ন বলতে পারেননি। সীমান্তে আমাদের বিজিবি হত্যা করা হয় কিন্তু প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আজকে আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যের স্বার্থ, বাংলাদেশের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যতরকম স্বার্থ আছে সেগুলো তারা বলতে পারেনি।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অরক্ষিত সীমান্তের
প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসবকথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আজকে মিয়ানমারের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এরআগে জান্তা সরকার সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, হামলা চালিয়েছে। এর ফলে ২০১৭ সালে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্ত হিসেবে হাজির হয়েছে। আজকে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হলো রোহিঙ্গা প্রত্যাবাসন করা। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে যেভাবে আন্তর্জাতিকীকরণ করা দরকার ছিল এসরকার তার কিছুই করতে পারেনি। রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ভারত, চীন এমনকি রাশিয়াও মিয়ানমারের পক্ষে থাকে কিন্তু তারা বাংলাদেশের পক্ষে থাকে না।

তিনি আরও বলেন, বর্তমানে বিরোধী দল দমন করা পাকিস্তানের আমলের মতো হয়ে গেছে। বিরোধী দল সহ্য করার মতো নুন্যতম ক্ষমতা আ.লীগের নাই।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এসরকার যতদিন আছে ততদিন পর্যন্ত দেশের কোনও উন্নতি হবে না। এসরকার ভোট নিয়ে মিথ্যা কথা বলে, দেশ নিয়ে মিথ্যা কথা বলে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। দেশের সমস্ত জায়গায় আ.লীগের লোকজন সিন্ডিকেট করছে। বিএনপির কোনো লোকতো সিন্ডিকেট করছে না! আমাদের লড়াই আ.লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা নয়, আমাদের লড়াই হলো জনগণকে সুন্দর একটা দেশ উপহার দেওয়া।

এসময় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে গণতন্ত্র মঞ্চের আরও অনেকে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ