পাটের ঐতিহ্য অনেকটা ডিপ ফ্রিজে চলে গেছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাটের ঐতিহ্য অনেকটা ডিপ ফ্রিজে চলে গেছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত
পাট এক সময় আমাদের সোনালি আঁশ ছিল, এটি আমাদের ঐতিহ্য তবে বর্তমানে সেই ঐতিহ্য অনেকটা ‘ডিপফ্রিজে’ চলে গেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, পাটের সেই সোনালি দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান ও পাটের বীজসহ রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ জন কৃষককে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৮০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি করে উন্নত মানের তোষা পাটের বীজ দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে, তা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। যারা প্রকৃত কৃষক এবং যারা পাওয়ার যোগ্য, তারা যেন সঠিকভাবে এই সহায়তা পায় তা নিশ্চিত করতে হবে। উদ্বোধনী বক্তব্য শেষে প্রতিমন্ত্রী কৃষকদের হাতে সরাসরি এই কৃষি উপকরণগুলো তুলে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ