পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক। সব শক্তির মধ্যে যে ঐক্য, সেটা বিনষ্ট হোক, আমরা চাই না।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাপলা চত্বরে ‘গণহত্যা’, পিলখানা হত্যাকাণ্ড, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার বিচার দাবিতে এ সমাবেশ হয়। যশোর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

এসময় মামুনুল হক বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারে পর্যবসিত না হয়। কারণ, এ ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের সুযোগ সৃষ্টি করে। তিনি উভয়পক্ষকে ছাড় দিয়ে মাঝামাঝি পন্থা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, দেশের চলমান নির্বাচন ব্যবস্থায় ভয়ানক ফাঁক রয়েছে। এ নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। তিনি আরও বলেন, যদি ঐক্য বিনষ্টের কারণে আবার সেই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবে না।

মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো পরিকল্পনা আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে রুখে দেব। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও জুলাই ঘোষণাপত্র আজও ঘোষণা হয়নি, যার দায় বর্তমান সরকারের। তিনি এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক নিয়ামতউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ