পিরোজপুর-১মনোনয়নের প্রত্যাশায় মাঠে বিএনপি’র ৬ নেতা জামায়াতের সাঈদীপুত্র - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিরোজপুর-১মনোনয়নের প্রত্যাশায় মাঠে বিএনপি’র ৬ নেতা জামায়াতের সাঈদীপুত্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

 

মাহামুদুর রহমান মাসুদ, পিরোজপুর থেকে
ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী ঘোষণার পরপরই জোরদার নির্বাচনী প্রস্তুতির বিপরীতে ঘরের আগুনে পুড়ছে বিএনপি। আর এই সুযোগ নিয়ে জয় নিশ্চিত করতে মরিয়া জামায়াত নেতারা। প্রায় ২ মাস আগে থেকে প্রার্থী চূড়ান্ত করে চলছে তাদের কৌশলী প্রচারণা। অপরদিকে, বিএনপিতে চলছে মনোনয়ন দ্বন্দ্ব-সংঘাত আর কাদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, জামায়াতের টার্গেটে থাকা এই আসনটিতে এখনই চূড়ান্ত করা হোক দলের প্রার্থী। সেক্ষেত্রে বিরোধ কাটিয়ে এক হতে পারবে কি সবাই? নয়তো জামায়াত প্রার্থীর কাছে হারতে পারে ধানের শীষ। পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলাম। এ আসনে মনোনয়নপ্রার্থী আর কেউ না থাকায় জটিলতায়ও পড়তে হয়নি তাকে। এর উল্টো চিত্র বিএনপিতে। দলীয় মনোনয়নের আশায় আছেন কম করে হলেও ৬-৭ জন। এরা আবার ভেতরে ভেতরে সহ্য করতে পারেন না একে অপরকে। সুযোগ পেলে বিষোদ্গারও করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। এ আসনে বিএনপি’র মনোনয়ন চাইছেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিগত আওয়ামী লীগের সময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূলের সঙ্গে রয়েছে তার ভালো সম্পর্ক। একজন শিক্ষক নেতা হিসেবে পরিচিত আলমগীর হোসেন এখনো দলকে সক্রিয় করতে জেলার ৭টি উপজেলা চষে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। আছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামান। তার ক্লিন ইমেজ রয়েছে, রাজপথে সক্রিয় ছিলেন ও তৃণমূলের সঙ্গে রয়েছে তার ভালো সম্পর্ক। বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়ার সময় তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাহাঙ্গীর গেটে বসে পড়েছিলেন। নির্বাচনের মাঠে আছেন জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান। জেলখানায় বসে উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। ক্লিন ইমেজ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। বহুবার হামলা মামলার শিকার হয়েছেন। তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। জেলার সিনিয়র রাজনীতিবিদ হিসেবে দলের মধ্যে নজরুল ইসলাম খানের গ্রহণযোগ্যতা রয়েছে। এ ছাড়া তালিকায় আছেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, জুলাই আন্দোলনে গুম হওয়া সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান এবং সাবেক পৌর ছাত্রদলের সভাপতি, নাট্যব্যক্তিত্ব সাজু মুনতাসির। এদের মধ্যে নির্বাচনমুখী সক্রিয়তায় এগিয়ে আলমগীর হোসেন, এলিজা জামান ও নজরুল ইসলাম।

১৯৯৬ ও ২০০২-এর নির্বাচনে এ আসনে বিএনপি’র সমর্থন নিয়ে জোটের এমপি হয়েছিলেন প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। ’৯০ পরবর্তী কোনো নির্বাচনেই এখানে জিততে পারেনি বিএনপি। বরং ’৯৬-এর নির্বাচনে বিএনপি’র প্রার্থী মরহুম গাজী নুরুজ্জামান বাবুল মাত্র ৫ হাজার ৯১২ ভোট পেয়েছিলেন। এ অবস্থায় মাসুদ সাঈদীর বিরুদ্ধে কতোটা শক্ত অবস্থানে থাকতে পারবে সেটাই বিএনপি’র চ্যালেঞ্জ। তার ওপর মনোনয়ন দ্বন্দ্বে ভাগ হয়ে আছে দল। নির্বাচন প্রশ্নে অধ্যাপক আলমগীর হোসেন বলেন, ‘বিএনপি’র সঙ্গে জোট বেঁধেই দু’বার জিতেছে জামায়াত। জোট না থাকলে তাদের নিজস্ব ভোট কতো তা সবার জানা। ’৯১-এ আলাদা নির্বাচন করে জামায়াত মাত্র ২০ হাজার ভোট পেয়েছিল। তিনি বলেন, ধানের শীষকে জয়ী করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান বিএনপি’র।’ মনোনয়ন দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি’র মতো বড় দলে এটা খুবই স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত সবাই ধানের শীষের পক্ষেই নামবে।’ তবে, বিএনপি যদি জোটবদ্ধ নির্বাচনে আসে সেক্ষেত্রে পাল্টে যেতে পারে পিরোজপুর-১ আসনের চালচিত্র। জামায়াত ঠেকাও নীতিতে জাতীয় পার্টি (কাজী জাফর)-এর সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম আলোচনায় শোনা যায়। বয়সের ভারে ন্যুব্জ জামাল হায়দার সেক্ষেত্রে কতোটা সফল হবেন এ নিয়ে প্রশ্ন আছে। অন্যান্য রাজনৈতিক দলসমূহের নির্বাচনী প্রস্তুতি থাকলেও সক্রিয়ভাবে প্রচার-প্রচারণায় এখনো কেউ মাঠে নামেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে। কেন্দ্রের নির্দেশ পেলেই তারা মাঠে নামবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ