পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশিরভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি। সরকারের দৃষ্টি দেওয়া দরকার নৃশংস হত্যাকাণ্ডের বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হতে পারে।’

আজ শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে দোয়া-মোনাজাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, এতবড় হত্যাকাণ্ড হয়ে গেল- কেউই কিছু জানতে পারলো না। কেউ আঁচ করতে পারলে, কেন ব্যবস্থা নেওয়া হলো না? আবার, এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগ্নে এই হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সকল সেনা কর্মকর্তাসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, এমএ রাজ্জাক খান, শাকিব রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা রাকিন আহমেদ, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, খলিলুর রহমান খলিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ