প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়ারীতে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়ারীতে আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ডে দুই হাজার গরিব ও দুস্থের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফীর উদ্যোগে বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, পোলাওয়ের চাল ও সয়াবিন তেল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজারস্থ নিজ কার্যালয়ের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এসময় আবু আহমেদ মন্নাফী বলেন, আপনারা দেখেছেন অন্যসব জায়গায় ইফতার সামগ্রী, ত্রাণ সামগ্রীসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গরু জবাই দিয়েছেন কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী এবং গরুর মাংসই আপনাদের মাঝে বিতরণ করছেন, যা ব্যয়বহুল। তবুও তিনি সেটা করছেন আপনাদের ভালোবেসে। এছাড়া মাংসের সঙ্গে চাল, তেলও দিচ্ছেন।

৩৮ নং ওয়ার্ডবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি ৬০ বছর ধরে এখানে আছি। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার ছেলে আপনাদের কাউন্সিলরসহ আমি সবসময় আপনাদের পাশে আছি।

এসময় তিনি সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব। তারই নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়েছে। স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল- এসবই তার হাত দিয়ে করিয়েছেন মহান আল্লাহ। মহান আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তার মাধ্যমে এসব হচ্ছে। এসব করা সবার ভাগ্যে জোটে না।

অনুষ্ঠানে কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী বলেন, একটা ওয়ার্ডের অভিভাবক কাউন্সিলর, আর কাউন্সিলর হলেও আমার অভিভাবক আপনারা। কারণ এ এলাকাতেই আমার বেড়ে ওঠা। এখানে কেউ আমাকে তুই করে বলেন, কেউ তুমি। আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক।

যে কারণে ব্যয়বহুল হলেও ৩ হাজার ৪০০ পরিবারের মধ্যে আমি ১ হাজার ৭০০ পরিবারকে এ আয়োজনের আওতায় নিয়ে এসেছি। ধর্ম যার যার উৎসব সবার- বিষয়টি মাথায় রেখে আমি হিন্দু সম্প্রদায়ের জন্যও ব্যবস্থা রেখেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন অনেক বড়, তারই কর্মী হিসেবে আমাদের মনও বড়। আপনারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমাদের পাশে থাকবেন। ৩৮ নম্বর ওয়ার্ডের আজকে যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি আমার পরিবার মনে করছি।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, ওয়ারী থানা আওয়ামী লীগ সভাপতি আশিকুর রহমান চৌধুরী লাভলুসহ স্থানীয়য় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ