প্রয়োজনীয় সংস্কার করুন, কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কারণ নাই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রয়োজনীয় সংস্কার করুন, কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কারণ নাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
‘সংস্কারের নামে যা ইচ্ছা তাই করলে জনগণকে পাশে পাবেন না’ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার করুন। কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কারণ নাই। বাংলার জনগণ আপনাদের সাথে আছে।’

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানা ভাতৃশিবিরের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আ: বারীর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়।

‘শহীদ পরিবারের ন্যূনতম একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে’ উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে, এই শহীদ আহত মানুষের পারিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। শহীদেরা জীবন দিয়ে আমাদেরকে একটি ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যাদের কারণে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ লাভ করছি। পুরস্কারের স্বীকৃতি স্বরূপ তাদের পরিবার থেকে নূন্যতম একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আহত মানুষদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা ইচ্ছা করে সরকারে বসেননি, বাংলার ছাত্র জনতা আপনাদেরকে সরকারে বসিয়েছে। আপনারা দেশের প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিবেন। যাতে করে বাংলার জমিনে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়, ফাসিবাদী স্টাইলে আর কোনো নির্বাচন না হয়।’

রফিকুল ইসলাম খান সাবেক শিবির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলার জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে নিজের মেধা যোগ্যতার প্রমাণ দিয়ে দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আপনারাই পারেন বাংলাদেশকে একটি চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত স্বনির্ভর, আধুনিক, মানবিক, কল্যাণকর রাষ্ট্রহিসেবে গড়ে তুলতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা: আব্দুস সামাদ, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, সালঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক নূর মোহাম্মদ সিরাজী, ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক জেলা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সোলেমান হোসেনসহ স্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ