প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন মনিরা শারমিন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন।

রবিবার (২৬ এপ্রিল) তিনি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই আপিল দায়ের করেন।

আপিল জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনিরা শারমিন বলেন, “মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আমরা আজ আপিল করেছি। নির্বাচন কমিশন আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানির সময় নির্ধারণ করেছে। ইনশাআল্লাহ, আমরা শুনানিতে অংশ নিতে আবার উপস্থিত হব।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে কৃষি ব্যাংকে যোগদান করেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। তবে বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। এই বিধান অনুযায়ী গত (২৩ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ‘সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন, ২০০৪’ অনুযায়ী পরিচালনা করছে নির্বাচন কমিশন। এই আইনের ২৯ ধারায় উল্লেখ রয়েছে, এ সংক্রান্ত অন্যান্য বিধিমালা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও)-এর আওতায় প্রণীত নিয়ম অনুসারে নির্ধারিত হবে।

আরপিও’র ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরি বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের অধীনে চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর পূর্ণ না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ