ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

আওয়ামী লীগের দুর্গ ফরিদপুর। সেই দুর্গে আজ প্রতিদ্বন্দ্বী দল বিএনপির গণসমাবেশ। ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সকাল ১১টায় সমাবেশ শুরু হয়েছে। ট্রলার, অটো রিকশা, নসিমনে করে সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি সমর্থকরা। এখন দলটির স্থানীয় নেতাকর্মীর বক্তব্য রাখছেন।
বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন ফরিদপুর সারা দেশ থেকে বিচ্ছিন্ন। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী পাঁচ জেলার বাসও চলাচল করেনি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে।
এদিকে ফরিদপুর শহরের মোড়ে মোড়ে পহারায় বসেছে পুলিশ। করা হচ্ছে তল্লাশি। ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো গাড়ি। এসব বাধা-বিপত্তি পেরিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। প্রতিকূল পরিস্থিতির মধ্যে ক্ষমতাসীনদের ঘাঁটিতে বড় জমায়েত দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী।
জনতার আওয়াজ/আ আ