ফরিদপুরের গণসমাবেশকে কেন্দ্র করেই বাস ধর্মঘটের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের গণসমাবেশকে কেন্দ্র করেই বাস ধর্মঘটের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজডএম জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে শহরের উপকেন্ঠ কোমরপুরের আজিজ ইন্সটিটিউশন মাঠে ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশস্থলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে যেই চিঠি দিয়েছিলো তাতে তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দাবি মেনে নেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিলো। কিন্তু তাদের সেই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তারা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের কথা জানিয়ে দিয়েছে। এটি যে সরকারেরই একটি পাতানো খেলা এতে সেটিই প্রমাণ হয়ে গেছে।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ বৃহত্তর ফরিদপুরের সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শামা ওবায়েদ জানান, বিএনপির গণসমাবেশের দুদিন আগেই আমাদের হাজার হাজার নেতাকর্মীমাঠে সমবেত হয়েছেন। তাদের কারো হাতেই কোন লাঠিশোঠা নেই। সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ সফল করবো। এতে লক্ষাধিক লোকের সমাগম হবে গণসমাবেশে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।

এদিকে, গতকাল দুপুরের পর নেতাকর্মীরা ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে আসতে শুরু করেছেন। রাতে তারা সেখানেই অবস্থান করেন। সন্ধ্যার পরে বৃহত্তর ফরিদপুরের অন্যান্য জেলা থেকে খন্ড খন্ড দল আকারে অনেকে সমাবেশস্থলে এসে পৌছান। এছাড়া অনেকে ব্যক্তিগত ও দলবদ্ধভাবেও গণসমাবেশস্থলে আসেন।

ফরিদপুর জেলার সকল রুটে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখার জন্য বৃহস্পতিবার শহরে মাইকিং করা হয়েছে। ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ ফরিদপুরের নামে সকাল থেকেই শহরে এই মাইকিং করা হয়।

এতে বলা হয়, মহাসড়কে তিনচাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬টা হতে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত জেলার সকল রুটে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখতে বলা হলো।

এর আগে গত সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের মাধ্যমে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একটি চিঠি দেন। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৯ মের সভার ১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। না হলে ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ