ফেনীতে বানভাসিদের মাঝে যুবদলের ত্রাণ সহায়তা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফেনী পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বন্যাদুর্গত ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এতে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এসব ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। বানভাসি প্রতিটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সবাই মিলেমিশে এই দুর্যোগ মোকাবেলা করতে চাই। যাতে মানুষের জীবন এই ক্ষত থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারে।
তিনি বলেন, ভারতের রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশ দুটো যুক্ত হয়ে আজ বাংলাদেশকে বিশাল সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যারা বানভাসি মানুষ আছেন ও মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফলে প্রধান প্রধান নদীগুলোতে দেখা দিয়েছে ভাঙন। লাখো মানুষ পানিবন্দি। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে অসহায় হয়েছে পড়েছেন মানুষ। এসব মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ