ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অপশক্তি ঠেকাতে পারবে না: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো অপশক্তি ঠেকাতে পারবে না: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো অপশক্তি ঠেকাতে পারবে না।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা কমিটির ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, শহীদ জিয়া এমন ব্যক্তি যিনি ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্ত্রী-সন্তান পরিবার রেখে সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথাতো ছিল শেখ মুজিবের। কিন্তু সেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি কারাগারের নামে সেদিন পাকিস্তানে ছিলেন।

তিনি বলেন, এই দলকে (বিএনপি) শেখ হাসিনা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেল খাটিয়েছেন, হয়রানি করেছে; গত ১৬ বছরে প্রায় ১০ হাজার মানুষ হত্যা করেছে। আর শেখ মুজিব ৭২-৭৫ সালে ৪০-৫০ হাজার মানুষকে হত্যা করেছিল। দুর্ভিক্ষে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। আর শহীদ জিয়া ৭ নভেম্বরে সিপাহী-জনতার লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন। তিনি এ দেশকে বিশ্বে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন।

বিএনপির এই নেতা নির্বাচন প্রসঙ্গে বলেন, অনেকেই নির্বাচন নিয়ে অনেক পায়তারা করছে কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। বাংলাদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের মানুষকে নির্বাচিত করবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে জয়ী হবে বিএনপি। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে চায়। এজন্য স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিবেশী দেশে গণহত্যাকারীকে স্থান দিয়েছে। এজন্য আমরা যে যেখানেই আছি না কেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য আর ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, রেহেনা ঈসা, সৈয়দা নার্গিস আলী, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমান, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রনু, জাসাসের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ