ফের আনিসুল-সালমান-জিয়া রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হয়।
এ ছাড়া রাজধানীর নিউ মার্কেট থানায় সবুজ আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।
পরদিন তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এবার রিমান্ড আবেদন করা মামলার অভিযযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।
জনতার আওয়াজ/আ আ