ফের ৩ দিনের রিমান্ডে জামায়াতের আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের ৩ দিনের রিমান্ডে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ ডিসেম্বর) তাকে আদালতে হাজিরের পর জিজ্ঞাসাবাদের জন্য আরও আট দিনের রিমান্ডের আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক আবুল বাশার।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আজ (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ ডিসেম্বর আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে সাতদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার তথ্য পাওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

এ মামলায় গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। রাফাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন বলে জানায় পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ