ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সাবেক এমপির স্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সাবেক এমপির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা)। বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কে এম আজাদ সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ভর্তি হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টার দিকে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ‘খাদিজা সীমু’ পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, দীর্ঘ ৭ বছর ধরে চলা ‘অন্যায় ও জুলুম’ আর সহ্য করতে পারছি না এবং শান্তিতে ঘুমাতে চাই। পাশাপাশি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগও তোলেন।

পারিবারিক সূত্র জানায়, কিছুদিন ধরে খাদিজা মল্লিক সীমু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে এদিন অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এদিকে, সন্ধ্যার পর হাসপাতালের আইসিইউর সামনে শিবলী সাদিকের মা ও ঘনিষ্ঠ স্বজনদের ভিড় করতে দেখা যায়।

উল্লেখ্য, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০১৯ সালের ৮ জুন খাদিজা মল্লিক সীমুর সঙ্গে তার বিয়ে হয়। এর আগে ২০১১ সালে সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে তার বিয়ে হলেও ২০১৬ সালে পারিবারিক সমঝোতায় তাদের বিচ্ছেদ ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ