বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবারও বইমেলা যাতে খুব সুন্দর হয়। সময়ের ব্যাপারে আমি জানি না, বাংলা একাডেমি কি একই সময়ে করবে নাকি সময় একটু হেরফের করবে—সেটা বাংলা একাডেমির বিষয়। তবে মেলা হবে—এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

রবিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বই মেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় ১৭টি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয়।

শফিকুল আলম বলেন, আমরা এমন একটা বইমেলা চাই, যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে। আমরা যারা বই লিখি, যে যেইটাই লিখুক কেন, যে কোনো ভিন্ন মতের লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নেবেন—উনি কি যেটা পড়তে চান, যে বই তাকে টানে উনি ওই বইটা কিনবেন।

তিনি যোগ করেন, আমরা চাই এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্য বিরোধী। কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলেন যে না, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি, এটা এখানে করা যাচ্ছে না। এই কথাটা যেন না শোনা হয়।

প্রেস সচিব বলেন, আমরা অবশ্যই এমন কোনো বইমেলা চাই না যেখানে ৪০% বই হচ্ছে একটা লোকের উপরে। এমন একটা বইমেলার সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন, সবই হচ্ছে শেখ পরিবারের বই। উনি টুঙ্গিপাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই কেউ লিখে ফেলেছে। ওই বইগুলো ছিল— কোনোভাবে প্রতারণা করে কিছু টাকা-পয়সা কামানোর জন্য।

সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, বই মেলাকে দলীয় বই মেলা হিসেবে রুপান্তরিত করা হয়েছে। প্রতিটি স্টল, প্যাভেলিয়ন আওয়ামী দালাল’দের দেওয়া হয়েছিলো। প্রকাশকরা ছিলো ফ্যাসিসটদের দোসর। তবে এবারের বই মেলা হবে সবার।

নির্বাচনের কারনে বইমেলা বন্ধের কোন কারন নাই উল্লেখ করে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে বই মেলা হউক। নির্বাচনের কয়েকদিন বই মেলা বন্ধ রেখে। তা আবার কয়েকদিন বর্ধিত করা যেতে পারে। তাও যাতে ফেব্রুয়ারিতে বই মেলা বন্ধ না থাকে। এবারের বই মেলা না হলে মনে করা হবে, ফ্যাসিস্ট শক্তির দোসররা এটার জন্য জড়িত। তারাই ষড়যন্ত্র করে বই মেলা বন্ধ করতে চাইছে। সরকারের কাছে আবেদন বই মেলা যাতে ফেব্রুয়ারীর ১ তারিখেই হয়।

আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কবি গাজীউল হাসান খান, ফয়েজ আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ