বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে যানচলাচল বন্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মটর শ্রমিকের দুই নেতার উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে সকল রুটে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা পরিবহন চলাচল বন্ধ করে দেন।

এর আগে গত মঙ্গলবার(১৮ মার্চ) বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলা করে ব্যবসায়ীরা।

হামলায় আহতরা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। এরা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এই হামলার জের ধরে বুধবার(১৯ মার্চ) সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি,স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় লাঠি শোটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিক ভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারনে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারছেন না।

এদিকে মঙ্গলবার দুইজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখেন। বুধবার বেলা ১১ টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুইটি আড়তে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। ওই দোকান দুইটি হামলার শিকার শ্রমিক নেতা আনোয়ার হোসেনের। মানিক এবং রতন নামের দুই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন।

ঠনঠনিয়া-ঢাকা বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার রাতে যখন টিকিট কেটেছি তখন কাউন্টার থেকে কিছু বলা হয়নি। অথচ আজ সকালবেলা টার্মিনালে এসে জানতে পারি শ্রমিকেরা বাস চলতে দিচ্ছেন না।

শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক তপন কুমার বলেন, ‘পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় আমরাও বিপাকে পড়েছি। আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই।’

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্ব প্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন যার কারনে বগুড়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতির কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গের অন্য জেলা থেকে ছেড়ে আসা দুর পাল্লার বাস গুলো চলাচলে শ্রমিকরা বাঁধা দিচ্ছেন না।

বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু বলেন, আমাদের শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছি। এর কঠোর বিচার চাই। নইলে সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। দুইজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এঘটনায় এখনও মামলা হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ