বগুড়ার হামলায় মির্জা ফখরুলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৯, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৯, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বগুড়ার হামলায় মির্জা ফখরুলের নিন্দা
বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ রবিবার (২৯ মে) গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বগুড়ার গাবতলী বিএনপি অফিসে আগুন লাগিয়ে দেয়া হয়। হামলায় গাবতলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেসাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, গাবতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দুগাহাটা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিক হাসানসহ আরও অনেকে গুলিবিদ্ধ এবং পৌর যুবদলের সাবেক আহবায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদল নেতা আলামিন, যবদল নেতা সেলিম, আলিম, সিপন, শ্রমিক দল নেতা জুয়েল আহমেদসহ বহু নেতাকর্মীকে গুরুতর আহত করা ও পৌর যুবদল নেতা রনি’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগ-যুবলীগের পৈশাচিক হামলার ধারাবাহিকতায় আজ বগুড়াতেও এই হামলা চালানো হলো। আজ বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের যৌথ হামলা, গুলিবর্ষণ, লুটপাট ও নেতাকর্মীদের আহত করার ঘটনাকে অমানবিক, নির্দয় ও কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ বগুড়ায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। ক্ষমতার নড়বড়ে অবস্থা অনুধাবণ করেই আওয়ামী অবৈধ সরকার রক্ত ঝরানোর খেলায় উন্মাদ হয়ে উঠেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার নিজ দলের সন্ত্রাসীদেরকে দিয়ে বিরোধী মত ও বিশ্বসের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে। অশুভ উদ্দেশেই তারা এধরণের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। আর এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চালাচ্ছে নারকীয় তান্ডব।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তান্ডব ঘটাচ্ছে। আর দেশব্যাপী নারকীয় তান্ডবে সরকারের সহযোগী হিসেবে ছাত্রলীগ সহিংস সন্ত্রাসে মেতে উঠেছে। ক্ষমতার মোহে আওয়ামী সরকার দেশ থেকে গণতন্ত্রকে কবরস্থ করার মাধ্যমে নিজেদেরকে হিংস্র করে তুলেছে। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ কন্ঠকে নির্মমভাবে স্তব্ধ করতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আজ বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
জনতার আওয়াজ/আ আ