বন্দুক দিয়ে জনগণকে রোধ করা যাবে না: আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্দুক দিয়ে জনগণকে রোধ করা যাবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গুম-খুন, হামলা-মামলা ও বন্দুকের ভয় দেখিয়ে জনগণকে রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, সরকার আজকে বিচারক, পুলিশ, লুটেরা ব্যবসায়ীদের ব্যবহার করছে। ভোট চুরির প্রকল্প হিসেবে গুম-খুন করছে, গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে। কিন্তু এসব করেও জনগণকে রোধ করা যাবে না।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শনিরআখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এসময় ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষের সমর্থন গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাক-স্বাধীনতার পক্ষে, লুটেরাদের বিপক্ষে। এখন থেকে গুলি, রাইফেল, বন্দুক বা সন্ত্রাসীগোষ্ঠী দিয়ে দেশের মানুষকে কেউ রোধ করতে পারবে না।

তিনি বলেন, ডেঙ্গু নির্মূল এ সরকারের পক্ষে সম্ভব নয়। মশা যদি নিজেরা চলে যায় তাহলে জাতি রক্ষা পাবে। এ সরকারের পক্ষে মশা নিধন সম্ভব না। যারা পদে পদে দুর্নীতি করে তাদের পক্ষে মশা নিধন সম্ভব নয়। সুতরাং এ সরকারকে বিদায় নিতে হবে এবং বিদায়ের একমাত্র পথ রাজপথ।

তিনি বলেন, আজকে বৃষ্টি, ঝড়-তুফান উপেক্ষা করে বিএনপির প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন, এটাই হলো শেখ হাসিনা সরকারের বিদায়ের বার্তা। আজকে যত বেশি অত্যাচার হচ্ছে, যত বেশি মামলা হচ্ছে, মানুষ তত বেশি রাস্তায় নামছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা ছাড়ুন। তবেই আওয়ামী টিকে থাকবে। আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। তাহলে হয়ত আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে, অন্যথায় আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ