বন্যার্তদের জন্য নানা উদ্যোগ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের জন্য নানা উদ্যোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৬:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৬:৩১ পূর্বাহ্ণ

 

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মির্জা ফখরুলের, অঙ্গসংগঠনগুলোর ব্যাপক ত্রাণ তৎপরতা
নিউজ ডেস্ক

উজানের ঢল ও লাগাতার ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকায় বানভাসিদের সহায়তায় নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। পানিবন্দী মানুষদের উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও ওষুধ, গৃহনির্মাণ এবং কৃষকদের বীজতলা তৈরি করাসহ বিভিন্নভাবে বন্যার্তদের সহযোগিতা করবে দলটির হাইকমান্ড। এক সপ্তাহ ধরে সিলেট জেলা, মহানগর ও বিভাগের নেতারা বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। ইতোমধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রেখে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে একটি জাতীয় ত্রাণ কমিটি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। এরপর গতকাল বৃহস্পতিবার মির্জা ফখরুল ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিলেট জেলা ও বিভাগের সিনিয়র নেতৃবৃন্দ কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের উদ্যোগ বানভাসিদের মধ্যে পৃথকভাবে ত্রাণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন রোগবালাইয়ের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার বলেন, বানভাসিদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং পুরনো ও ব্যবহার্য কাপড় সরবরাহের কর্মসূচি ইতোমধ্যে গৃহীত হয়েছে।
জানা যায়, গত রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক যৌথ সভায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেয় বিএনপি। সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে আলাদা আলাদাভাবে স্টিয়ারিং কমিটি করে ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্যসেবা দেয়ার সিদ্ধান্ত হয় যৌথ সভায়। বিএনপির নেতারা জানান, এবারের বন্যা পরিস্থিতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এখন যারা পানিবন্দী মানুষজন আছেন তাদেরকে উদ্ধার করে তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেয়া। বন্যার পানি নেমে গেলে মানুষজনের গৃহ নির্মাণ, তাদের খাবার ও ওষুধপত্র বিতরণ করা। বীজ তলিয়ে যাওয়া কৃষিজমির পানি নেমে গেলে কৃষকরা যাতে চাষাবাদ করতে পারে সে জন্য কৃষকের বীজতলা তৈরি ও সরবরাহ করবে বিএনপি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, বন্যা পরিস্থিতির বিষয়কে আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে এখন আমাদের একমাত্র অগ্রাধিকার বানভাসি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা। এটা আমাদের দলের নেতাকর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। ইতোমধ্যে সিলেট মহানগর, সুনামগঞ্জ পৌরসভা, ছাতকসহ বিভিন্ন এলাকায় আমাদের দলের নেতাকর্মীরা রিলিফ অপারেশন শুরু করেছেন। সিলেট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১০ হাজারের বেশি বন্যার্ত মানুষের কাছে খাবার দেয়া হয়েছে। বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দী মানুষকে উদ্ধার ও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। এভাবে গণমানুষের দল হিসেবে বিএনপি মানুষের পাশে থেকে বন্যার্তদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বলে জানান টুকু।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না  বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এক হাজার পরিবারের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেট নিয়ে আজ শুক্রবার সিলেটের বন্যাকবলিত এলাকায় যাচ্ছি। প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, মুড়ি, চিঁড়া, সাবান, লবণ, খাবার স্যালাইন, লাইটার, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকবে। প্রথম ধাপে এক হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করব। আমাদের সাধ্যমতো এই প্রচেষ্টা অতীতেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। সিলেট জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ গতকাল বিকেলে  বলেন, তার বাসার চার দিকে এখনো হাঁটুপানি। এর মধ্যেও জেলা যুবদল, বিএনপি ও অন্য সংগঠনের নেতৃবৃন্দ অসংখ্য মানুষের মধ্যে বিভিন্ন ত্রাণসামগ্রী, শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল গতকাল এই প্রতিবেদককে বলেন, সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় শুরু থেকেই অসহায় মানুষের পাশে রয়েছে স্বেচ্ছাসেবক দল। স্থানীয় নেতৃবৃন্দ প্রতিদিনই ত্রাণসামগ্রী ও খাদ্য বিতরণ করছেন। আমরা কেন্দ্রীয় নেতারা রোববার বন্যাকবলিত এলাকায় গিয়ে অন্ততপক্ষে ১৫০০ পরিবারের মধ্যে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করব।
এ দিকে সিলেট বিভাগের বন্যার্তদের সহায়তার জন্য তিনটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এগুলো হচ্ছে- সার্বিক ব্যবস্থাপনা কমিটি, মনিটরিং সেল ও ত্রাণ সেল। মহিলা দলের সব জেলা শাখার (যেসব জেলায় কমিটি হয়েছে) সভাপতি এবং সাধারণ সম্পাদককে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসি অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ