বয়কট ইন্ডিয়া' স্লোগানে পাকিস্তানি আমলের রাজনীতি চালুর চেষ্টা: মেনন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বয়কট ইন্ডিয়া’ স্লোগানে পাকিস্তানি আমলের রাজনীতি চালুর চেষ্টা: মেনন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৫, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। কিন্তু এখনো তারা এবং তাদের সংগঠন রাজনীতি করে চলেছে। আবার তারা সম্প্রতি নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। ‘বয়কট ইন্ডিয়া’ স্লোগান তুলেছেন তারা। এই স্লোগান দিয়ে তারা কার্যত ওই পাকিস্তানি আমলের রাজনীতিকেই আবার বাংলাদেশে চালু করার চেষ্টা করছে।

সোমবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২৫ মার্চ গণহত্যা দিবস- বাংলাদেশ গণহত্যা ‘৭১ আন্তর্জাতিক স্বীকৃতি চাই’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ রাষ্ট্রকে গ্রহন করার কথা। কিন্তু আমরা দেখেছি বিএনপির শাসনামলে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় পার হয়েছে। কিন্তু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে রাষ্ট্রগতভাবে খুব একটা ব্যবস্থা নিতে পারিনি। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি গুরুত্বপূর্ণ। পৃথিবীর দেশে দেশে যে গণহত্যা সংঘটিত হচ্ছে, আজকে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে অথবা এর আগে যেখানে গণহত্যা হয়েছিল সেগুলোর বিচারের জন্য এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ।

যুদ্ধাপরাধীরা দেশে রাজনীতি করছে উল্লেখ করে মেনন বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি। কিন্তু এখনো তারা এবং তাদের সংগঠন রাজনীতি করে চলেছে। আবার তারা সম্প্রতি নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। ‘বয়কট ইন্ডিয়া’ স্লোগান তুলেছেন তারা। এই স্লোগান দিয়ে তারা কার্যত ওই পাকিস্তানি আমলের রাজনীতিকেই আবার বাংলাদেশে চালু করার চেষ্টা করছে। জনগণের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ দেয়ার চেষ্টা করছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ করে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট বুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা আমিরুল হক আমিন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ