বরিশাল বিএনপির বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে হামলায় আহত ৭ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল বিএনপির বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে হামলায় আহত ৭

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন-জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির সদস্য কামাল হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম ও মামুন হোসেন।

আহত সূত্রে জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বরিশাল শহরে বিএনপির রোডমার্চে যাওয়ার পথে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে স্থানীয় অর্ধশতাধিক ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় হামলাকারীদের ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে বিএনপি নেতা আব্দুল মালেক আকন ও ডিএসবি বাজারে বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।

তবে বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ