বরিশালে অর্থ বাণিজ্যের মাধ্যমে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে ঝাড়ু মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে অর্থ বাণিজ্যের মাধ্যমে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

 

অর্থ বাণিজ্যের মাধ্যমে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে এবং ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আজ রোববার বেলা ১১টায় বরিশাল নগরীর বিএনপি কার্যালয় সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কুশপুত্তলিকা পুড়িয়ে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ‘দলের দুর্দিনে সরকারবিরোধী আন্দোলনে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। ইতোপূর্বে যারা কোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি বা মামলা হামলার শিকার হয়নি, যাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।’

সমাবেশের সভাপতি উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন বলেন, ‘ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে গত ১১ ফেব্রুয়ারি গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী পৌর বিএনপির কমিটি গঠন করেছে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। ওসব কমিটির নির্বাহী পদগুলোতে এসেছে জাতীয় পার্টির প্রেতাত্মা ও ১/১১-এর দোসররা। এদের হাতে কমিটির নেতৃত্ব থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত জনগণের ভোটারাধিকার প্রতিষ্ঠা ও আগামী দিনের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন মুখ থুবড়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দল।’

মঞ্জুর হোসেন আরও বলেন, ‘বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কে. এম. শহীদুল্লাহ ও সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল ১১ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা-পৌর ও আগৈলঝাড়া বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তারা অর্থ বাণিজ্যের মাধ্যমে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে ১/১১-এর কুশীলবের দোসরদের নিয়ে কমিটি ঘোষণা করেছে, যাদের সঙ্গে দলে তৃণমূল নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই। এমনকি তারা ১/১১-এর পর থেকে এখন পর্যন্ত নিজ এলাকায় শুধু অনুপস্থিতই নয় তারা দলছুট সুবিধাবাদী ঢাকাবাসী। তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্র।’

গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. বাবুল হোসেন বলেন, ‘বরিশাল উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল ছিলেন স্বৈরাচার এরশাদের ছাত্র সংগঠন ছাত্রসমাজের গৌরনদী উপজেলা সভাপতি। তিনি বিএনপির হাইকমান্ডকে মিথ্যা তথ্য দিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব পদ বাগিয়ে নিয়েছেন। এই জাপা নেতা পরবর্তীতে গৌরনদী উপজেলা পৌর ও আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠনে বিএনপির মূল ধারা বাদ দিয়ে জাতীয় পার্টির সুবিধাবাদী নেতাদের নিয়ে কমিটি ঘোষণা করেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ