বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে বিএনপির ৬ ও ৭ জানুয়ারি ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে মিছিল হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বের করা এ ঝটিকা পৃথক মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর বগুড়া রোড থেকে দুজনকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বৈদ্যপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী। তিনি জানান, আটকরা সবাই কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলার আসামি। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

আটক নেতাকর্মীরা হলেন তকদিরুল ইসলাম তন্ময় (২৩), আনিসুর রহমান নয়ন (৪৫), জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫)।

জানা গেছে, শুক্রবার সকালে নগরের বগুড়া রোডে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল থেকে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলটি বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে খামারবাড়ির সামনে গিয়ে শেষ করা হয়। তবে মিছিলের শেষ মুহূর্তে পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামের দুজনকে আটক করে।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, দায়ের হওয়া মামলায় বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতিসাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ রয়েছে। দায়ের হওয়া সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ