বরিশালে সড়ক বন্ধ করে আলীগের সমাবেশ, নগরবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

বরিশাল নগরীতে নগর ভবনের সামনের রাস্তা আটকে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন উপলক্ষ্যে মঞ্চ সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে সামনে রেখে গত বুধবার রাত থেকে রাস্তার উপর মঞ্চ তৈরির কাজ শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক আটকের কারণে বিকল্প পথ ব্যবহারে ভোগান্তি হচ্ছে বলে জানায় বিক্ষুব্ধ নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ হয়। প্রশস্ত সড়কটি আটকে মঞ্চ তৈরি করায় যান চলাচল বন্ধ হয়।
অটোরিকশাচালক মাইনুল হোসেন বলেন, ‘মানুষের তো কমন সেন্স থাকে ভাই। পুরো রাস্তা আটকে মঞ্চ করছে। যাত্রীরা তো অনেক ঝামেলায় পড়ে গেছে। পুলিশ অন্য পথ দিয়ে যেতে বলে। অনেক ঘোরা লাগে। যেখানে মঞ্চ করেছে সেখান থেকে লঞ্চ ঘাট তিন মিনিটের পথ। কিন্তু ঘুরে অন্য পথ দিয়ে যেতে অনেক সময় লাগে। যাত্রীরা ঘুরতে চায় না।’
ব্যবসায়ী নাজমুল হক বলেন, ‘মোটরসাইকেল নিয়ে লঞ্চঘাট যাচ্ছিলাম। সিটি করপোরেশনের সামনে এসে দেখি রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের সভা চলছে। তারপর ঘুরে বরিশাল ক্লাবের সামনে দিয়ে বিআরটিএ অফিসে গেছি। এমনভাবে স্টেজ করেছে যে একটা মোটরসাইকেলও যেতে পারে না। আওয়ামী লীগ নেতাদের এ কেমন চিন্তাভাবনা বুঝি না।’
ঘুরে যেতে রিকশাওয়ালাকে বাড়তি টাকা দিতে হয়েছে জানিয়ে বাধ রোড এলাকার হুমায়রা বেগম বলেন, ‘আমাদের মেয়র কেন তার নগরবাসীর জন্য ভোগান্তির সৃষ্টি করলেন বুঝতে পারলাম না। এই স্টেজ তো কোনো মাঠেও করা যেত।’
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাজী মোহাম্মদ মহসিন মার্কেটের নাম যে পাল্টেছে তা চোখে পড়ে না। আর রাস্তাটা যে একটু আটকেছে তা চোখে পড়েছে?’
সড়ক অবরোধ করে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বরিশাল মহানগর পুলিশের দক্ষিণ জোনের উপ কমিশনার আলী আশরাফ ভূঞা জানান, তিনি অনুমতির বিষয়ে অবগত নন।
তবে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘অনুমতির জন্য চিঠি দেয়া হয়েছিল। অনুমতি দেয়া হয়েছে নগর ভবনের সামনের সড়কে সমাবেশ করার জন্য।’
জনতার আওয়াজ/আ আ