বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।’ শুক্রবার (২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
বাণীতে সনাতন সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে মিলেমিশে বসবাস করে আসছেন। এই ঐতিহ্যই বাংলাদেশের মূল শক্তি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে পরিচিত। সরস্বতী মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোর পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষে তিনি প্রত্যাশা করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ না থাকে। শিক্ষা ও জ্ঞান সমাজের উন্নয়ন, মানবকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজে লাগানো উচিত।
তিনি বলেন, আমাদের জ্ঞান দিয়ে যেন আমরা অন্যের উপকার করতে পারি, দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সম্মিলিতভাবে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি।
জনতার আওয়াজ/আ আ