বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব সিঙ্গাপুরের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় সিঙ্গাপুর। বুধবার (২৫ মার্চ) ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।
মিচেল লি দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন। সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি। চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় অবকাঠামো ও ভূমি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সিঙ্গাপুরে দক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সরকারের অন্যতম অগ্রাধিকার।’ এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সিঙ্গাপুরকে পূর্ণ সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে তথ্য প্রযুক্তি (আইসিটি) ও ডিজিটাল অবকাঠামো খাতে সিঙ্গাপুরের বড় বিনিয়োগ আহ্বান করা হয়। সিঙ্গাপুর ডিজিটাল সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া দুই পক্ষ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করে।
বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে জোর দিয়েছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য নতুন পণ্য চিহ্নিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জনতার আওয়াজ/আ আ