বাউফলে বিএনপির ৩ কমিটি বিলুপ্ত: নেতৃত্ব সংকটে মাঠের রাজনীতি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাউফলে বিএনপির ৩ কমিটি বিলুপ্ত: নেতৃত্ব সংকটে মাঠের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির সহযোগী সংগঠনগুলোর দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকট চলছে। উপজেলা ও পৌর ছাত্রদল, উপজেলা যুবদল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ও কেন্দ্রীয় কমিটি। এতে করে তৃণমূল পর্যায়ে সৃষ্টি হয়েছে নেতৃত্ব শূন্যতা, নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি ও অসংগঠিত অবস্থা।

স্থানীয় নেতারা বলছেন, কার্যকর নেতৃত্ব না থাকায় কেউ কারো নির্দেশনা মানতে চাইছে না। এতে করে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মাঠের রাজনীতিতে নেতাকর্মীদের অংশগ্রহণ কমে যাচ্ছে। সামনে ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংকট আরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাউফল বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের বিভিন্ন সময়ে উপজেলা ও পৌর ছাত্রদল বিলুপ্ত ৬ ফেব্রুয়ারি, উপজেলা যুবদল বিলুপ্ত ৮ এপ্রিল, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অনিয়মের অভিযোগে) উপজেলা স্বেচ্ছাসেবক দল বিলুপ্ত ১৩ জুলাই।

দীর্ঘদিন ধরে বাউফলে বিএনপির তিন সহযোগী সংগঠনের কমিটি না থাকায় তৃণমূলে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। দলীয় নেতাদের আশঙ্কা, সময়মতো কার্যকর কমিটি গঠন না হলে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মাঠের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে

সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, কমিটি না থাকার কারণে স্থানীয় ছাত্রদল নেতারা কেউ কারো কথা শুনছে না। নির্বাচনের আগে শক্তিশালী কমিটি প্রয়োজন।

সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত জানান, অনেকদিন ধরে যুবদলের কমিটি নেই। এতে বিভক্তি তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সংগঠিত করতে হলে দ্রুত কমিটি দেওয়া জরুরি।

সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলেন, তারেক রহমান দ্রুত কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে কমিটি না থাকায় প্রোগ্রামে অংশগ্রহণ কম হচ্ছে।

অন্যদিকে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, দলীয়ভাবে নেতৃত্ব সংকট নিরসনের কাজ চলছে। তবে কমিটি দিতে বিলম্ব হলে এর প্রভাব ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পড়বে।

কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কাজ চলছে। অতি দ্রুত বাউফল উপজেলায় তিনটি সহযোগী সংগঠনের নতুন কমিটি দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ