বাড়ির ড্রেনের পানি নিয়ে বাকবিতণ্ডায় বৃদ্ধের মৃত্যু, নারী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড়ির ড্রেনের পানি নিয়ে বাকবিতণ্ডায় বৃদ্ধের মৃত্যু, নারী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নীলফামারীর ডিমলা উপজেলায় বাড়ির ড্রেনের পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পাটগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে।

নিহত বৃদ্ধের নাম মহিম উদ্দিন ওরফে পাখি (৬৫)। তিনি স্থানীয় বাসিন্দা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী লেবু মিয়ার বাড়ির ড্রেনের পানি পাখির বাড়ির আঙিনায় গিয়ে জমতো। এতে বাড়ির উঠান কর্দমাক্ত হয়ে চলাচলের অসুবিধা হচ্ছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ করলেও সমাধান না হওয়ায় দু’পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

সোমবার দুপুরে ড্রেনের পানি আবারও জমে গেলে পাখি প্রতিবাদ করেন। এ সময় শাহের বানু ও তার পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাহের বানু পাখিকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে মাথায় আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য শাহের বানু নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাক্কা লাগার ফলে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাখির পরিবার দাবি করেছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, পূর্বপরিকল্পিতভাবে তাকে ধাক্কা দিয়ে হত্যা করা হয়েছে। তারা ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ