বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দি ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে মনোনয়নপত্রে তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি জমা দেন। তিনি জানান, বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে সুমনের স্বাক্ষর অত্যন্ত জরুরি। যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা ১৬ এপ্রিল, তাই নির্ধারিত সময়ের মধ্যেই তার স্বাক্ষর গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অ্যাডভোকেট লিটন আহমেদ আরও বলেন, সুমন বর্তমানে কারাগারে থাকায় সরাসরি স্বাক্ষর দেওয়া সম্ভব নয়। ফলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার স্বাক্ষর সংগ্রহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
জনতার আওয়াজ/আ আ