বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্পের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ প্রকল্পের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর বাসাবো এলাকার রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১ মে) বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ‘বৈশাখ ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক বলেন, ‘ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এই ভূখণ্ডে আমাদের অধিকার ও সম্ভাবনা সমান। বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার অবকাঠামোগত সমস্যা দূর করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর।’

শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, অতীতের অপরিকল্পিত নগরায়ণে পানি নিষ্কাশনের পর্যাপ্ত পথ রাখা হয়নি। ফলে বর্তমানে বড় বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়েছে।

তবে বর্তমান সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে জানিয়ে তিনি বলেন, নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুটি নতুন বহির্গমন পথ বা আউটলেট নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত নালা ও খাল পরিষ্কার করছি, কিন্তু পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ফেলে তা আবার ভরাট করা হলে সুফল পাওয়া যাবে না। শহরকে সচল রাখতে নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য।’

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে। সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশের।

দিনটি উপলক্ষে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ