বিএনপি এখনও মর্যাদা এবং শক্তিমত্তার সঙ্গেই টিকে আছে : নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি এখনও মর্যাদা এবং শক্তিমত্তার সঙ্গেই টিকে আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ক্রমান্বয়ে বিএনপির শক্তিমত্তার কলেবর বাড়ছে। এটাই জিয়াউর রহমানের কৃতিত্ব। তিনিই প্রথম বাংলাদেশি যিনি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম বলেছিলেন– উই রিভোল্ট। মেজর জিয়ার নেতৃত্বে চট্টগ্রামে যে প্রতিরোধ গড়ে ওঠেছিল সেটি স্ট্যালিনগ্রাদের প্রতিরোধের মতো।’
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই আলোচনাসভার আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজ বাংলাদেশ কৃষি, তৈরি পোশাক, প্রবাসী আয়– এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যার ভিত্তি রচনা করেছেন জিয়াউর রহমান। তিনি দেশের উন্নয়নে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। কৃষির সমৃদ্ধির জন্য খাল ও নদী পুনঃখনন এবং গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন।’ বাংলাদেশের উন্নয়নের শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন ড্যাব মহাসচিব ডা. আব্দুস সালাম, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ