বিএনপি-জামায়াতের দাবি অভিন্ন, যুগপৎ কর্মসূচি একই দিনে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১১, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

জোট আর নেই-জানানো হলেও বিএনপি ও জামায়াতে ইসলামী অভিন্ন দাবিতে একই দিনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জামায়াত জানিয়েছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ নয় যুগপৎ কর্মসূচি পালন করবে। কেউ কারো কর্মসূচিতে অংশ নেবে না। বিএনপির সঙ্গে একাধিক বৈঠকেই এ সিদ্ধান্ত হয়েছে।
শনিবার রাজধানীর গোলাপবাগের সমাবেশে ঘোষিত ১০ দফা আদায়ে আগামী ২৪ ডিসেম্বর সব মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সময়ে ভার্চুয়ালি দলের আমির ডা. শফিকুর রহমান জামায়াতের ১০ দফা ঘোষণা করেন। দাবি আদায়ে জামায়াতও ২৪ ডিসেম্বর সব মহানগর ও জেলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতের ১০ দফায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি, দলীয় কার্যালয় খুলে দেওয়া, নিবন্ধন ফিরিয়ে দেওয়া এবং সীামন্ত হত্যা বন্ধের মতো কয়েকটি দাবি যোগ করা হয়েছে। সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায় সরকার পুনপ্রবর্তনসহ বাকি দাবিগুলো বিএনপির ১০ দফায় হুবহু রয়েছে।
বিএনপি বিগত মাসগুলোতে সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের জন্য ধারাবাহিক মতবিনিময় করে। কিন্তু জামায়াতের সঙ্গে প্রকাশ্য বৈঠক হয়নি। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতকে ছাড়তে বহুদিন ধরেই চাপে রয়েছে বিএনপি। সম্প্রতি দলটির নেতারাও জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। গত আগস্টে দলীয় সভায় জামায়াত আমির জানান, বিএনপির সঙ্গে আর জোট নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবারেও জানান, আর জোট নেই।
কিন্তু জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ সমকালকে বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনায় ১০ দফা ও কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। কবে কীভাবে আলোচনা হয়েছে প্রশ্নে তিনি জানান, মহাসচিব পর্যায়ে ধারবাহিক মতবিনিয়ম হয়েছে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের সমকালকে বলেছেন, জোটবদ্ধ নয় যুগপৎ আন্দোলন হবে। ১৯৯০ সালে তিন জোটের সঙ্গে স্বৈরাচার বিরোধী যুগপৎ আন্দোলন করেছে জামায়াত। ১৯৯৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে যুগপৎ আন্দোলন করে জামায়াত। এবারও একই ধাচে আন্দোলন হবে।
ডা. তাহের জানান, একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে নিজ নিজ ব্যানারে গণমিছিল করবে বিএনপি ও জামায়াত। কেউ কারো কর্মসূচিতে অংশ নেবে না। বিএনপির কর্মসূচিতে জামায়াতের কেউ প্রতিনিধিত্ব করবে না।
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। একই দিনে গণমিছিলের কর্মসূচির বিষয়ে ডা. তাহের বলেছেন, বিষয়টি নজরে এসেছে। আওয়ামী লীগ বা অন্য কারো কর্মসূচি বিঘ্নিত করতে চায় না জামায়াত। গণমিছিলের দিনক্ষণের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করা হবে।
১৯৯৯ সাল থেকে এক জোটে রয়েছে বিএনপি ও জামায়ত। তবে একাদশ সংসদ নির্বাচনের পর থেকেই জোটের কর্মসূচি নেই। সম্প্রতি দুই দলের নেতারা একাধিকবার জোট ভেঙে যাওয়ার কথা বললেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যুগপৎ কর্মসূচির মাধ্যমে দুই দল ফের কাছাকাছি আসছে।
জনতার আওয়াজ/আ আ