বিএনপি নেতা আসলাম চৌধুরীর হাইকোর্টের দেওয়া জামিন জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৩:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৩:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৩০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগে এ মামলা করা হয়েছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল ইসলাম। পরে সারওয়ার হোসেন বাপ্পী সাংবাদিকদের বলেন, গত ৫ জানুয়ারি এ মামলায় হাইকোর্ট তাকে (আসলাম চৌধুরী) জামিন দেন। আমরা সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করি। আমাদের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেছেন। ৩০ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন, এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে ২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে ওই বছরের ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
গোয়েন্দা সংস্থার দাবি, আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরেই মোসাদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে আসছিলেন। ওই চেষ্টা সফল হয় ২০১৫ সালের জুন মাসে। দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে পশ্চিমা একটি দেশে আসলাম চৌধুরীর প্রথম দফায় বৈঠক হয়। এরপর মোসাদ এজেন্টদের সঙ্গে আরও দুটি বৈঠক হয়েছে ভারতে। সর্বশেষ বৈঠকটি হয় ২০১৬ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে।
জনতার আওয়াজ/আ আ