বিএনপি প্রার্থী ফুরফুরে, ১০ দলীয় প্রার্থীর পাশে নেই জামায়াত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি প্রার্থী ফুরফুরে, ১০ দলীয় প্রার্থীর পাশে নেই জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচনি মাঠে ফুরফুরে মেজাজে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। জোটগত আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত এই আসনটি ছেড়ে দেয় বাংলাদেশ খেলাফত মজলিসকে। আসনটিতে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু সাইদ নুর।

তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত না হওয়া, মাঠ পর্যায়ে না থেকে ঢাকায় অবস্থান, আসনের জোট দল জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ না রাখা নিয়ে অভিযোগে মানিকগঞ্জ-৩ এ একপেশে নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।

আসনটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ দেলওয়ার হোসাইন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব ঘটনার পর বিএনপির ভোটের অঙ্কে স্পষ্ট সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে উৎফুল্ল বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

জানা গেছে, জোটগত আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াত এই আসনটি ছেড়ে দেয় বাংলাদেশ খেলাফত মজলিসকে। ফলে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু সাইদ নুর। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার ছোট বাড়িয়াল গ্রামে হলেও তিনি ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আবু সাইদ নুর পরিচিত মুখ নন। জামায়াতের প্রার্থী সরে দাঁড়ানোর পর জোটের এই প্রার্থীর পক্ষে মাঠে দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলেই দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। বরং জামায়াতের সব নেতাকর্মী একজোট হয়ে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে তাদের দলীয় প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের পক্ষে জোরালো প্রচারণায় নেমেছেন।

এ প্রসঙ্গে শুক্রবার যুগান্তরকে জামায়াতের এক সিনিয়র নেতা জানান, আপাতত মানিকগঞ্জ-৩ আসনের জোট প্রার্থীর চেয়ে মানিকগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতেই তারা বেশি মনোযোগ দিচ্ছেন।

সাটুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবু সাইদ বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মুহাম্মদ আবু সাইদ নুর। তিনি কতটা গণমানুষের কাছে পৌঁছাতে পারবেন, সেটা তার নিজের ওপরই নির্ভর করছে। তিনি রাজনৈতিকভাবে এলাকায় পরিচিত নন। এখন পর্যন্ত তার পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এমনকি সাটুরিয়ায় তার কোনো নির্বাচনি ক্যাম্পও নেই।

অন্যদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান আতা গুটিকয়েক অনুসারী ও স্বজনকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আতাউর রহমান আতাকে জেলা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের পর মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির এক সময়ের নিষ্ক্রিয় ও অভিমানী অনেক নেতাকর্মী আবারও মাঠে নেমেছেন ধানের শীষের প্রার্থীর পক্ষে। দলীয় প্রার্থী আফরোজা খানম রিতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানোর পর থেকেই মাঠে দেখা যাচ্ছে ঐক্যের সুর। বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষে নেতাকর্মীদের তৎপরতা এখন তুলনামূলকভাবে বেশি সংগঠিত ও সক্রিয়। দলীয় সূত্র বলছে, বিদ্রোহী প্রার্থী বহিষ্কারের পর দীর্ঘদিনের বিভক্তি কেটেছে এবং নিষ্ক্রিয় নেতাকর্মীরা ফের মাঠে ফিরছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ–সাটুরিয়া) আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের আফরোজা খানম, স্বতন্ত্র প্রার্থী সূর্যমুখী ফুল প্রতীকের মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পার্টির লাঙল প্রতীকের আবুল বাশার বাদশা, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মুহাম্মদ সাইদ নুর, জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সামসুদ্দিন, বাংলাদেশ জাসদের মোটরগাড়ি প্রতীকের মো. সাজাহান আলী, স্বতন্ত্র ফুটবল প্রতীকের আতাউর রহমান আতা এবং মোটরসাইকেল প্রতীকের রফিকুল ইসলাম খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ