বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশ রাতেই কানায় কানায় পূর্ণ গোলাপবাগ মাঠ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশ রাতেই কানায় কানায় পূর্ণ গোলাপবাগ মাঠ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

 

আগামীকাল ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হবে বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশ। সকল অনিশ্চয়তা কাটিয়ে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গোলাপবাগ মাঠে গণ সমাবেশ করার অনুমতি পায় দলটি।

সন্ধ্যার পর গোলাপবাগ মাঠে সরজমিনে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের শ্লোগানে মুখরিত করে রেখেছেন। এখানে উপস্থিত সিংহভাগ নেতাকর্মীই কয়েকদিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন।

বিভিন্ন জেলা থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে ঢুকতে দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোলাপবাগ ধলপুর সায়দাবাদ রাস্তা বন্ধ হয়ে গেছে।

নোয়াখালী সোনাইমুড়ী থেকে আসা যুবদল নেতা মোখলেসুর রহমান জানান, গণ সমাবেশে যোগ দিতে আমরা সোমবার ঢাকায় আসি। প্রথমে ফকিরাপুলের একটি হোটেলে উঠি। পরে পুলিশের চাপে আমাদের হোটেল থেকে বের করে দেয়। পরে আশ্রয় নেয়ার চেষ্টা করি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। কিন্তু সেখান থেকেও আমাদের চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই রাত কমলাপুর স্টেশনে রাত্রি যাপন করি।

মাদারীপুরের শিবপুর থেকে আগত ছাত্রদল নেতা আমিনুল জানান, বিএনপি করার অপরাধে স্থানীয় আওয়ামী লীগ আমার বাড়ীঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। জীবনের আর কোনো মায়া নেই, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।

জামালপুরের সরিষাবাড়ি থেকে আগত এক বৃদ্ধ জানান, আমি বিএনপির কোনো পদ পদবিতে নেই। তবে, এ সরকার পতনের সমাবেশে উপস্থিত থাকা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাই আমি বুধবারই এ সমাবেশের জন্য ঢাকায় এসেছি। তিনি উত্তরায় এক ভাগিনার বাসায় ওঠেছিলেন বলে জানান।

বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মুছা বলেন,’আমাদের বাঞ্চারামপুর থেকে কয়েক হাজার লোক ৩ দিন আগেই পুলিশের বিভিন্ন বাঁধা বিপত্তি পেরিয়ে ঢাকায় এসেছেন। কালকে সকালে আমরা কৃষকদলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে মিছিল সহকারে গনসমাবেশে যোগ দিবো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান মাঠে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন,’ টালবাহানা করে পুলিশ বিকেলে অনুমতি দিয়েছে। জনস্রোত ঠেকাতেই সরকার হামলা মামলা করেছে। কারাবন্দি সকলের মুক্তি চাই, হামলা মামলা করে জনস্রোত থামানো যাবে না। কাল সমাবেশেই উচিত জবাব দেয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপবাগ মাঠে মঞ্চের কাজ শুরু হতে দেখা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ