বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ায় মারধরের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ায় মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভিজিএফের চাল না পেয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন সিরাজুল ইসলাম। এ সময় ভুক্তভোগীকে কিল-ঘুসি মেরে তাড়িয়ে দেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক।

রোববার (১৫ মার্চ) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

আবদুর রাজ্জাক ওই পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি। সিরাজুল ইসলামের বাড়ি পৌরসভার বিলবাড়ি মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভায় ৪হাজার ৬২৫ জনের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ আসে। তালিকা করেন বিএনপি ও জামায়াতের নেতারা।

সকাল থেকে ভবানীগঞ্জের আলুহাটায় চাল বিতরণ করা হচ্ছিল। সেখানে আগে চাল পেতেন এমন হতদরিদ্ররাও আসেন। কিন্তু এবার তালিকায় নাম না থাকার কারণে তাদের চাল দেওয়া হয়নি।

পরে যারা চাল পাননি তারা পৌরসভায় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে কথা বলতে যান। সেখানে বিএনপি নেতারাও অবস্থান করছিলেন।

চাল না পাওয়া অনেকে পৌরসভার সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সিরাজুলকে মারধর করেন পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক।

উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার প্রতিবাদ জানিয়ে পরে বাগমারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় জামায়াতের নেতারা।

সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক বলেন, অসহায় লোকজন চাল পাচ্ছে না এমন ঘটনা প্রশাসনকে জানাতে গেলে আগে থেকেই সেখানে থাকা বিএনপির লোকজন ধাক্কা দিয়ে বের করে দেন। অসহায়দের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, আমি নিজে সিরাজুলকে চাল দেওয়ার জন্য স্লিপ দিয়েছি। কিন্তু সে পরে জামায়াতের লোকজনের সঙ্গে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

মারধরের সময়ও সিরাজুলের হাতে খালি বস্তা দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, স্লিপ দিয়েছি। সেটা নিয়ে সে কী করেছে তা তো বলতে পারব না। এ জন্যই আমার রাগ লেগেছিল।

তিনি আরও বলেন, জামায়াতের লোকজন ‘সন্ত্রাসী ভাড়া’ করে নিয়ে আসেন। দুইবার চাল নেওয়ার কারণে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, বিএনপি-জামায়াতের স্থানীয় নেতাদের পরামর্শেই তালিকা করে সুন্দরভাবে চাল দেওয়া হয়েছে। এ রকম ঘটনা শুনেছি। এটা বিচ্ছিন্ন ঘটনা। কেন ঘটেছে তা জানি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ