বিএনপি’র মহাসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র মহাসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

নয়াপল্টনে বিএনপি’র মহাসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। বিএনপি নেতাকর্মীদের বাসা, বাড়ি ও হোটেলে গিয়ে গ্রেপ্তার অভিযান, তল্লাশি চৌকি, রোবাস্ট পেট্রোল চালিয়ে যাচ্ছে তারা। ঢাকার প্রবেশমুখে তল্লাশি চালিয়ে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন ধরে তালিকা ধরে ধরে দলের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, উপজেলা ও জেলাপর্যায়ের সম্মুখসারির অন্তত ৩৯৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম গ্রেপ্তার করছে। সমাবেশ ঘিরে জননিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় অন্তত ৬০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এসব ক্যামেরা থেকে পাওয়া যাবে স্বচ্ছ ফুটেজ। এ ছাড়া সমাবেশের জন্য পুলিশ ও ডিবির অন্তত ২০ থেকে ২৫ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে কোনো মহল যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এ ছাড়া নাশকতার পরিকল্পনা করে সেটি বাস্তবায়নের জন্য কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য অবৈধ অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি।

এটি পুলিশের নিয়মিত কাজের অংশ। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার বা হয়রানিমূলক কিছু করা হচ্ছে না। বিএনপি বলছে, মহাসমাবেশে যাতে নেতাকর্মীরা অংশগ্রহণ না করে সেজন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ ও ডিবি গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। পথে পথে বাস থামিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।
রাজধানীর একাধিক প্রবেশমুখে গতকাল সকাল থেকে চৌকি বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। তারা ঢাকার বাইরে থেকে আসা যানবাহনে ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে। সকালে ঢাকার প্রবেশপথ গাবতলী সেতুর মুখে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করেছে দারুসালাম থানা পুলিশ। একইভাবে পুলিশের উত্তরা বিভাগের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। পোস্তগোলা ব্রিজের মুখে নিরাপত্তা চৌকি বসিয়ে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়েছে শ্যামপুর থানা পুলিশ। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নাশকতা রোধে র‌্যাবের দেড় হাজারের বেশি সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। র‍্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে। রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট, আমতলী, মোহাম্মদপুরের বসিলা, আগারগাঁও শিশুমেলা, কমলাপুর, সচিবালয়, নটর ডেম কলেজের সামনে, কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর, কাজীপাড়া, সাভার, মানিকগঞ্জ, ডেমরা, পোস্তগোলা, সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
সরজমিন রাজধানীর গাবতলী এলাকায় গিয়ে দেখা যায়, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩৫ থেকে ৪০টি জেলার মানুষের ঢাকায় প্রবেশ ও বাহিরের এই আন্তঃজেলা বাস টার্মিনালে অন্য সময়ের মতো ব্যস্ততা নেই।সূত্রঃমানবজমিন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ