বিএনপির মুখে তত্ত্বাবধায়ক সরকার চাওয়াটা মিথ্যাচার: আমু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মুখে তত্ত্বাবধায়ক সরকার চাওয়াটা মিথ্যাচার: আমু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৮, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

রাজনৈতিকভাবে বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেছেন, বিএনপির মুখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাওয়াটা তাদের মিথ্যাচার। কারণ এরশাদের পতনের আগে আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে আন্দোলন করেছিল।

তখন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাদের কথা রাখল না। তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

শনিবার (২১ মে) দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও  নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাধীনতাবিরোধী শক্তি দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের উন্নয়ন দেখে স্বাধীনতাবিরোধী অপশক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা চাইছে এ দেশ পাকিস্তানের রূপরেখায় চলুক। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আবারও ক্ষমতায় আসবে।

জনগণ বিএনপির পাশে নেই জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি বুঝতে পেরেছে জনগণ তাদের পাশে নেই। কারণ তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে। তাদের হাতে ক্ষমতা যাক এটা বাংলার মানুষ চায় না। তাই বিএনপি আগামী সংসদ নির্বাচন বানচাল করার নতুন চক্রান্ত করছে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান ও গোলাম রব্বানী চিনু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ