বিএনপির মুখে মানবতার কথা ভূতের মুখে রাম নাম: নানক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মুখে মানবতার কথা ভূতের মুখে রাম নাম: নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ

 

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘এই তো সেদিনেও তারা আন্দোলনের নামে বাসের ভেতর যাত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারাই বলছেন মানবতার কথা, এটি মনে হয় ভূতের মুখে রাম নাম।’

‘এই সরকারের মানবিক বোধ বলতে কিছু নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নানক বলেন, ‘যারা মানবতাকে ভুলন্ঠিত করেছে। যাদের প্রতিষ্ঠাতা সামরিক জান্তা জিয়াউর রহমান এবং যারা ক্ষমতায় এসে একাত্তরের পরাজিত জামায়াতকে নিয়ে এই দেশে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমার মনে হয় তাদেরকে মানবতার শিক্ষা নেওয়া দরকার। যে মানবতা তারা লঙ্ঘন করেছে তার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনসহ মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির পক্ষ থেকে পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে এ সব কথা বলেন। জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ১১টি উপ-কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক ও মির্জা আজমকে সদস্য সচিব করে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির গঠন করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর মহিলা আওয়ামী লীগ এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতাদের দাবি এই নির্বাচন তাদের মূখ্য নয়, সরকারের পতনই তাদের মূখ্য- এমন আরেক প্রশ্নের জবাবে নানক বলেন, ‘আসলে বিএনপি এই কথা বলছে ২০০৮ সাল থেকে। এ কথা বলেই আসছে। তারা শব্দবোমা নিক্ষেপ করছে। এই শব্দবোমায় আমরা আতঙ্কিত না। তবে আমরা তাদেরকে অনুরোধ করবো, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আমাদের নেত্রী শেখ হাসিনা এ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। তিনি করোনা মহামারি মোকাবিলা করে সফল হয়েছেন। তেমনিভাবে এই বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। কাজেই সেই মুহূর্তে জনগণের মধ্যে কোনো আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

বিএনপি ১০ ডিসেম্বরর ঢাকায় সমাবেশ করে সরকার পতনের হুমকি দিচ্ছে আবার আপনাদেরও বিভিন্ন সম্মেলন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, এতে কোন সাংঘর্ষিক ঘটনার আশঙ্কা রয়েছে কি না?- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করি। নেত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে যেকোনো কর্মসূচি পালন করতে পারে বিরোধী দল। শক্তিশালি বিরোধী দলকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেই বিরোধী দল যেন কোনোভাবেই ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা জনগণের জানমালের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না করে। আর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করলে, ঢাকার শান্তিপূর্ণ মানুষ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তাদের তো অধিকারই রয়েছে তাদের শান্তিকে রক্ষা করা।’

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি আভ্যন্তরীণ গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক চর্চা করে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন হচ্ছে। এর সঙ্গে সব সহযোগী সংগঠনসহ অন্যদের সমম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনগুলো কারও দিকে তাকিয়ে হচ্ছে না; এটি আমাদের সাংগঠনিক কাজ। আমরা একেবারে সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে এই সম্মেলনগুলি করতে যাচ্ছি।’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনগুলো হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে নানক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্মেলন। নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের সহযোগী সংগঠনও প্রস্তুতি নিচ্ছে।’ এই সব সম্মেলন একটি নতুন গতিবেগ সঞ্চার করবে বলেও আশাবাদ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ সহযোগী সংগঠনের অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ