বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ২:০৬ পূর্বাহ্ণ

 

আগামী নির্বাচনের আগে এটাই শেষ ঈদ। তাইতো বিএপির শীর্ষ নেতারা আসন্ন পবিত্র ঈদুল আজহা নিজ এলাকায় কর্মী ও জনসাধারণের সঙ্গে পালন করবেন। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের দেবেন আন্দোলনের কঠোর বার্তা। অনেক রাজনীতিবিদ ঈদের আগে নির্বাচনী এলাকায় ঘুরেও এসেছেন। ঈদের পরও এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ করবেন। দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারও লন্ডনে ঈদ করবেন। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। ঈদের পরদিন ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ঈদের নামাজ সেখানেই আদায় করবেন তিনি। জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র ঢাকায়, ডক্টর আব্দুল মঈন খান গ্রামের বাড়িতে ঈদ করবেন এরপর ঢাকায় ফিরবেন। নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। আমির খসরু মাহমুদ দেশের বাইরে ঈদ করবেন। যতটুকু জানা গেছে লন্ডন হয়ে আমেরিকা যাবেন তিনি।

সালাউদ্দিন আহমেদ ভারতে ঈদ করবেন। সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাহিরে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুলু, মোহাম্মাদ শাহজাহান, এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঢাকায় ঈদ করে গ্রামে যাবেন। চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং আব্দুস সালাম ঢাকায় ঈদ করবেন। হাবিবুর রহমান হাবিব নিজ জেলা পাবনায় ঈদ করবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নিজ এলাকা বরিশালের উজিরপুরে ঈদ করবেন। খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল ঢাকায় ঈদ করবেন। আসলাম চৌধুরী দীর্ঘদিন যাবত কারাগারে আছেন সেখানেই তিনি ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ও শামা ওবায়েদ ফরিদপুরে অবস্থান করবেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বরিশালের গৌরনদী উপজেলায় ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে ঈদ করবেন, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ তার নির্বাচনী এলাকা বাঞ্চারামপুরে ঈদের নামাজ পরে ঢাকায় ফিরবেন।

এছাড়াও দলের গুরুত্বপূর্ণ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। চেয়ারপার্সনের একান্ত সচিব ঢাকায় ঈদ করবেন। মিডিয়া সেলের অন্যান্য সদস্যগণ নিজ নিজ সুবিধা মতো ঈদের নামাজ আদায় করবেন।

অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ঢাকায় ঈদ করবেন। এছাড়া কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন নিজ নির্বাচনী এলাকা পাবনায় ঈদ করবেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎসজীবি দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন ঢাকা ঈদ করবেন।

পাশাপাশি নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে বিএনপি অনেক মনোনয়ন প্রত্যাশীদের নিজের অবস্থান আরও পোক্ত করতে নেতাকর্মীদের পাশে থাকার ওপর জোর দিয়েছেন। অনেক নেতা নির্বাচনী এলাকায় পশু কুরবানির ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করবেন দলটির স্থায়ীকমিটি সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। ঈদের রাতে স্থায়ী কমিটির সদস্যগণ চেয়ারপার্সনকে শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ