বিক্ষোভ মিছিল দিয়ে আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাবে ‘জুলাই ঐক্য’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পালটা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে ১৩ তারিখে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, ‘খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল করবে জুলাই ঐক্য।’
জুলাই সনদ নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই জানিয়ে জুলাই ঐক্যের নেতারা জানান, আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ৭২ এর সংবিধানের আলোকে নির্বাচন কোনোভাবেই ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা জনগণ পূরণ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ ছাড়া সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসার পাশাপাশি ভারতকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান জুলাই ঐক্যের নেতারা।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার কথা রয়েছে। এ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জনতার আওয়াজ/আ আ