বিদেশি মিডিয়ার খবরনির্বাসন থেকে ক্ষমতায়, বাংলাদেশের নতুন নেতার উত্থান - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিদেশি মিডিয়ার খবরনির্বাসন থেকে ক্ষমতায়, বাংলাদেশের নতুন নেতার উত্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
প্রায় দুই দশক পর ফিরেই ভাগ্যের নাটকীয় পরিবর্তন ঘটালেন। এ সময়ে তার দলের ওপর অত্যাচার, নির্যাতন, দমনপীড়ন চালানো হয়। সেই দলকে তিনি প্রাণ ফিরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষমতায়। তাও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায়। তিনি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে তিনি যখন নির্বাসনে যান, তখন অনেক বাংলাদেশি মনে করেছিলেন তার রাজনৈতিক অধ্যায় শেষ। রাজনৈতিক বংশের সন্তান হিসেবে এবং একটি ‘ক্লেপ্টোক্রেসি’ হিসেবে পরিচিত দেশে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় অনেকেই ভেবেছিলেন, অবশেষে তিনি জবাবদিহিতার মুখে পড়েছেন। দেখালেন চমক। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত রিপোর্টে এমন সব মন্তব্য করেছে আন্তর্জাতিক মিডিয়া।

ফ্রম এক্সাইল টু পাওয়ার: ‘দ্য রাইজ অব বাংলাদেশজ নিউ লিডার’ শীর্ষক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস লিখেছে,
ডিসেম্বরে ঢাকায় ফেরেন তারেক রহমান। তখন দেশ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের পর এই ভোট অনুষ্ঠিত হয়। তারেক রহমান নিজেকে ‘জনগণের মানুষ’ হিসেবে তুলে ধরে তার দলকে ভূমিধস বিজয়ের পথে নিয়ে যান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন শক্তিশালী গণতন্ত্র, দুর্নীতি হ্রাস এবং অধিক সুযোগ সৃষ্টি করবেন। তবে কিছু ছাত্রের আশঙ্কা, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী দুই পরিবারের মধ্যেই আবার ক্ষমতার দোলাচল চলছে।
শুক্রবার ভোট গণনা চলাকালেই স্পষ্ট হয়ে যায় তার দল বড় ব্যবধানে সরকার গঠন করতে যাচ্ছে। এ ফলাফল অনেকটাই অনুমিত ছিল। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ ছিল। স্বাধীনতার পর প্রায় ৫৫ বছরে আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে ক্ষমতায় এসেছে। হাসিনা দেশের আরেক রাজনৈতিক উত্তরাধিকার। নির্বাচনের আগে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইনশাআল্লাহ, আমরা পরবর্তী সরকার গঠন করবো।

প্রচারণায় তিনি ছাত্রদের দাবির প্রতি সরাসরি সাড়া দেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে অন্তর্ভুক্তিমূলক বার্তা দেন। বিএনপি’র ইশতেহারে ছিল নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো প্রগতিশীল প্রতিশ্রুতি।
পাকিস্তানের জিও নিউজের শিরোনাম ‘পাকিস্তান সিকস টু বোলস্টার ব্রাদারলি টাইস উইথ বাংলাদেশ আফটার বিএনপি’স ভিক্টোরি’। এতে বলা হয়, পাকিস্তানের শীর্ষ নেতারা ঢাকায় ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। ২০২৪ সালে জেনারেশন জেড নেতৃত্বাধীন গণ-আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়। গত বছর থেকে দুই দেশ সমুদ্রপথে বাণিজ্য শুরু করেছে এবং সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়।

লন্ডনের অনলাইন গার্ডিয়ানের শিরোনাম- ‘বাংলাদেশ ইলেকশন: বিএনপি উইনস হিস্টোরিক ফার্স্ট ইলেকশন সিনস ওভারথ্রো অব হাসিনা’। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যার নেতৃত্বে আছেন তারেক রহমান, জেন জেড নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর অনুষ্ঠিত দেশের প্রথম নির্বাচনে ব্যাপক বিজয় অর্জন করেছে। নির্বাচন কমিশনের ফলাফলে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। এর মাধ্যমে দলটি ২০ বছর পর আবার ক্ষমতায় ফিরছে। অপরদিকে ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোট পেয়েছে ৭৭টি আসন। প্রায় দুই দশকের মধ্যে এটিকে বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার এক গুরুত্বপূর্ণ সময় পার করে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এই বিজয় প্রত্যাশিত ছিল। বাংলাদেশের জনগণ এমন একটি দলের ওপর আস্থা রেখেছে, যারা আন্দোলনের সময় আমাদের তরুণরা যে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়ন করতে সক্ষম। তবে তিনি স্বীকার করেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিএনপি একটি নতুন গণতান্ত্রিক যুগ ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়েছে।

সিএনএনের শিরোনাম-
‘বাংলাদেশজ বিএনপি উইনস বিগ ইন ফার্স্ট ইলেকশন সিনস জেন-জি আপরাইজিং, সন অব ফরমার রুলার সেট টু বিকাম প্রাইম মিনিস্টার’। বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টকে উদ্ধৃত করে এতে বলা হয়, বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুক্রবারের সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। প্রায় দুই দশক পর দলটি আবার ক্ষমতায় ফিরছে এবং দলীয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে গেছেন। এমন এক সময়ে যখন দেশ কয়েক মাসের অস্থিরতা ও অর্থনৈতিক বিপর্যয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং নিহত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাকে এখন রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং তৈরি পোশাকশিল্পসহ গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এনডিটিভি’র শিরোনাম-
‘আফটার ১৭ ইয়ারস ইন এক্সাইল, বাংলাদেশজ তারেক রহমান সেট টু বিকাম পিএম’। এতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে। এই জয় ৬০ বছর বয়সী তারেক রহমানের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করেছে। ১৭ বছর বৃটেনে নির্বাসনে থাকার পর দেশে ফিরে আসা তারেক রহমান অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ও দলীয় সূত্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ